খুলনা নগরে মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। একই দিন সন্ধ্যার পর নগরের জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামের এক গৃহবধূকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, নিহত গৃহবধূ খুশি ও তাঁর স্বামী সুমন সরদার ওরফে ব্লেড বাবু মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট মামলা রয়েছে। প্রাথমিকভাবে মাদক ব্যবসার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
অন্যদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, নিহত তাওহিদুল ইসলাম কারাগারে আটক খুলনার এক শীর্ষ সন্ত্রাসীর গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাওহিদুলের বিরুদ্ধেও মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে খুলনা মহানগরে ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে এবং নগরে অন্তত ১০টি শীর্ষ অপরাধী চক্র সক্রিয় রয়েছে। উভয় ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:০৫:৪৫ ২৬ বার পঠিত #অপরাধ #খুলনা #পুলিশ #মাদক ব্যবসা #হত্যাকাণ্ড