চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ও চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নগকু জেলার ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার উচ্চতায় এবং দুর্গম পার্বত্য এলাকায় অবস্থিত হওয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে। ভূমিকম্পের প্রভাবে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়িতে ধস ও ফাটল দেখা দিয়েছে। ঘটনার পর ৩ থেকে ৪ মাত্রার বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সামরিক উদ্ধারকারী দল কাজ করছে।
বাংলাদেশ সময়: ৮:৪৫:৩৪ ৮ বার পঠিত #উদ্ধার অভিযান #চীন #তিব্বত #প্রাকৃতিক দুর্যোগ #ভূমিকম্প