রক্তশূন্যতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানে তাকে ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করার কথা রয়েছে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
হাসপাতালের শয্যায় থেকেও তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনে দিকনির্দেশনা দিচ্ছেন। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এদিকে, ভূমিমন্ত্রীকে দেখতে রামেক হাসপাতালে ছুটে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাতে মহানগর জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিরাও হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বাংলাদেশ সময়: ১০:৫০:৫২ ১৯ বার পঠিত #অসুস্থতা #চিকিৎসা #বিএনপি #ভূমিমন্ত্রী #মিজানুর রহমান মিনু #রাজশাহী