মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জামিনে বেরিয়ে আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রথম পাতা » অপরাধ » জামিনে বেরিয়ে আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

নাজিম উদ্দিনের অভিযোগ, শনিবার বেলা ১১টার দিকে ইসিবি চত্বরের সিটি কাবাব হোটেলের পেছনে মো. শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম ও বাবুলসহ চার ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন। এর পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলার মামলায় মো. শাহরিয়ার মাহমুদকে আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি বর্তমানে জামিনে রয়েছেন। ওই মামলার অন্য দুই আসামি মো. আবুল কাশেম ও বাবুলের মধ্যে আবুল কাশেম উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন মঙ্গলবার জানান, হুমকির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হামলায় ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিমের নির্দেশে মিরপুরের মামুন বাহিনীর লোকজনকে যুক্ত করা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদ করে হামলার চূড়ান্ত পরিকল্পনার তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২:২৯:১২   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #