
বাংলাদেশি রোগীদের জাপানে চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া সহজতর করা এবং উন্নত চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ) ও জাপানের ইন্টারন্যাশনাল মেডিকেল কো-অর্ডিনেটর কোম্পানিজ অ্যাসোসিয়েশন (জিমকা) একটি সমঝোতা স্মারক সই করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। এই উদ্যোগের মাধ্যমে জাপানে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের যাতায়াত ও চিকিৎসাসংক্রান্ত সমন্বয় সহজ করার পাশাপাশি জাপানের উন্নত হৃদরোগের চিকিৎসা, রোবোটিক প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্পর্কে রোগীদের জানার সুযোগ বাড়বে। অনুষ্ঠানে কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওভাসকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিরোমাসা ওতাকে ‘জাপানে হৃদরোগের চিকিৎসার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে হৃদরোগের আধুনিক চিকিৎসা, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি) এবং জটিল করোনারি ইন্টারভেনশনের বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া কোবে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারন্যাশনাল মেডিকেল কমিউনিকেশন সেন্টারের প্রধান অধ্যাপক তোমো ইতো আন্তর্জাতিক রোগীদের চিকিৎসাসেবা এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জিমকার সেক্রেটারি জেনারেল কাতসুয়া সাকাগামি, জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কিয়োশি আমাদা ও সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইউকো মোরিকাওয়া এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বোর্ড পরিচালক ফুতোশি কোনো উপস্থিত ছিলেন। বিএমটিএর পক্ষে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএমটিএ ২০২১ সাল থেকে বাংলাদেশে চিকিৎসা পর্যটন এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব নিয়ে কাজ করছে।
বাংলাদেশ সময়: ২২:২৮:৩০ ১৬ বার পঠিত #চিকিৎসা #চিকিৎসা পর্যটন #জাপান #জিমকা #বাংলাদেশ #বিএমটিএ #স্বাস্থ্যসেবা