সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হিরো আলমের কাছে চাঁদা দাবি: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » হিরো আলমের কাছে চাঁদা দাবি: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা করেছেন। ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার অপর দুই আসামি হলেন হিরো আলমের সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম। হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর আসামিরা মিলে হিরো আলমের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা গত ১২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে হিরো আলমকে বিষ পান করে আত্মহত্যার হুমকি এবং তাকে জেল খাটানোর হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৪   ১১ বার পঠিত   #  #  #  #  #  #