কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। আজ সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তুটি পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুপুর ১২টা থেকে আখড়াবাড়িতে প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তল্লাশি চালানো হবে। পুলিশের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গত শনিবার থেকে আখড়াবাড়িতে লালন শাহর তিরোধান দিবসের তিন দিনের অনুষ্ঠান চলছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২:১৮:৩৯ ২১ বার পঠিত #আখড়াবাড়ি #কুষ্টিয়া #নিরাপত্তা #বিজিবি #বোমা উদ্ধার #লালন শাহ