এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে নিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি বলে উল্লেখ করে পরীমণি বলেন, কোনো ব্যক্তির চেহারা ব্যবহার করে এ ধরনের আপত্তিকর কনটেন্ট তৈরি করা সম্ভব। তিনি ভিডিওটি নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ এবং তা ছড়িয়ে দেওয়ার প্রবণতার কঠোর সমালোচনা করেন।
সংশ্লিষ্ট গণমাধ্যমের দুঃখ প্রকাশের বিষয়ে পরীমণি বলেন, শুধু ‘সরি’ বললেই সব দায় শেষ হয়ে যায় না। তিনি প্রশ্ন তোলেন, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে এ ধরনের ভিডিও প্রকাশিত হওয়ার পর তা সরিয়ে নিতে কেন দেরি হলো।
আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আপাতত তিনি মামলা-মোকদ্দমার পথে যেতে চান না। তবে তাকে নিয়ে যারা কটূক্তি করছেন, তাদের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘তুমি গালি দিছো ভাই, আমিও গালি দিব। তুমি থাপ্পড় মারছো ভাই একটা, আমি ১৪টা থাপ্পড় মারব।’
ভিডিওটি প্রায় দেড় বছর আগে থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে ছিল বলে জানান পরীমণি। লাইভের শেষাংশে তিনি সমালোচকদের নিজের জীবন নিয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪:১১:৫৯ ৬ বার পঠিত #এআই #পরীমণি #ফেসবুক লাইভ #বিনোদন #সাইবার অপরাধ