কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন নামের এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাজুল হোসেন সীমান্তের শূন্যরেখার কাছে মাঠে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলিবিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি ছুড়েছে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির জামালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি ছোড়ে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।
ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ৭:০৩:২৩ ৫ বার পঠিত #কুষ্টিয়া #গুলি #বাংলাদেশ #বিএসএফ #বিজিবি #সীমান্ত