
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নাম আছে, এলাকাও ঠিক— তবুও ভোটকেন্দ্রে গিয়ে ফিরে যেতে হয়েছে কিছু ভোটারকে। ঢাকা-১০ আসনের ‘খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে এমন বিড়ম্বনার চিত্র দেখা গেছে। কেন্দ্রের ৫০১ নম্বর কক্ষে তালিকায় নাম খুঁজে না পাওয়ায় অন্তত ৬-৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
বৃহস্পতিবার সকালে সরজমিনে কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগীদের একজন ২৩ বছর বয়সী তরুণ রাফিদ আলম। প্রথমবারের মতো ভোট দিতে এসে ভোট না দিয়েই কেন্দ্র থেকে বেরিয়ে আসতে হয়েছে তাকে। রাফিদ গণমাধ্যমকে বলেন, “ইলেকশন কমিশনের ওয়েবসাইটে চেক করে এসেছি, সেখানে আমার সব তথ্য ঠিক আছে। কিন্তু কেন্দ্রের ভেতরের লিস্টে নাকি আমার নাম নেই। জীবনের প্রথম ভোট দিতে এসে এমন অভিজ্ঞতার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।”
শুধু রাফিদ নন, একই কক্ষের আরও অন্তত ৫-৬ জন ভোটার একই সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের নাম ডাটাবেজে থাকলেও প্রিজাইডিং অফিসারের কাছে থাকা মুদ্রিত তালিকায় পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজ্জাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “বিষয়টি আমরা আমলে নিয়েছি। টেকনিক্যাল কোনো ত্রুটি বা অন্য কোনো কারণে এমনটা হতে পারে। আমরা ওপর মহলে যোগাযোগ করছি। আশা করছি দুপুরের মধ্যে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।”
এদিকে তালিকার এই বিভ্রাট সত্ত্বেও সাধারণ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ধৈর্য ধরে অপেক্ষা করতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৩:২১:৩৮ ৪৯ বার পঠিত