মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

‘তথ্য গোপন’ সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ‘তথ্য গোপন’ সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

তথ্য গোপনের অভিযাগে সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছে বিএনপি। সোমবার দুপুরে ওই আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ নেতারা এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাখিলকৃত হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন। হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল  হলফনামায় এই তথ্য উল্লেখ করেননি। এছাড়া ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি ১লাখ ২৭ হাজার ৪৮ টাকা টাকার ঋণ অনাদায়ী রয়েছে যা হলফনামায় প্রকাশিত হয়নি। এসব তথ্য হলফনামায় আইনগতভাবে বাধ্যবাধকতা থাকলেও জামায়াত প্রার্থী তা গোপন করেছেন।

রেজাউল হাসান কয়েস লোদী গণমাধ্যমকে বলেন, ‘জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের হলফনামায় তথ্য গোপন রেখে প্রতারণা করেছেন। সেই সঙ্গে আইনও লঙ্ঘন করেছেন।’

এদিকে দুপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেট জামায়াতসহ ১১ দল আয়োজিত সংবাদ সম্মেলনে নগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মাওলানা হাবিবুর রহমানের সম্পর্কে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেটি সঠিক নয়। উল্টো তিনি বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদিরের বিপক্ষে নানা অভিযোগ উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, ‘ভোটের মাঠকে প্রভাবিত করতে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:২২:৫৯   ৪৬ বার পঠিত