গণহত্যার বিচারে কোনো আপস নয়: প্রসিকিউটর তামিম

প্রথম পাতা » রাজধানী » গণহত্যার বিচারে কোনো আপস নয়: প্রসিকিউটর তামিম
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



গণহত্যার বিচারে কোনো আপস নয়: প্রসিকিউটর তামিম

জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রসিকিউটর তামিম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বিচারের প্রশ্নে আমরা কেউই কোনো পর্যায়ে কম্প্রোমাইজ করব না। এর কোনো সুযোগও নেই। কারণ এ দেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে—যা যুগে যুগে নয়, শতাব্দীতে এক-দুবার ঘটে। বাংলাদেশে ৫৪ বছর পর নতুন করে পুনর্গঠনের একটি সুযোগ এনে দিয়েছেন ১৪০০ শহীদ। এই সুযোগের অপব্যবহার করলে আমরা দায়ী থেকে যাব।’

ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মাত্র দুটি ট্রাইব্যুনালের মাধ্যমে ৬৪ জেলায় সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম চলছে। একটি প্রসিকিউশন টিম ও একটি তদন্ত সংস্থার মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সীমাবদ্ধতার মধ্যেও প্রায় দুই শতাধিক আসামির বিচার শুরু করা সম্ভব হয়েছে। ‘আমরা কতদূর পর্যন্ত শেষ করে যেতে পারবো, তা জানি না। তবে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই বিচার কার্যক্রমে প্রসিকিউশন টিমের কোনো ধরনের গাফিলতি নেই,’ বলেন তিনি।

জুলাই হত্যাকাণ্ডে সহায়তাকারী ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান তুলে ধরে তামিম বলেন, ‘তারা যদি আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে, আমরা অতি দ্রুত তদন্ত শুরু করবো এবং সেটিকে অগ্রগতির দিকে নিয়ে যাব। আশা করছি, তাদের বিচার প্রক্রিয়াও শুরু করা সম্ভব হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্থাপিত তিন দফা দাবি প্রসঙ্গে প্রসিকিউটর তামিম বলেন, দাবিগুলোর একটি হলো— বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ তদন্ত টিম এবং একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন। তারা এ দাবি আমাদের কাছে জানিয়েছেন। তবে বিশেষ তদন্ত টিম ও বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি সরকারের দায়িত্বের আওতাভুক্ত। আমরা শিগগিরই এ দাবি সরকারের কাছে পৌঁছে দেব। আশা করছি, সরকার দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার প্রসঙ্গেও বক্তব্য দেন প্রসিকিউটর তামিম। তিনি জানান, পুনর্গঠিত ট্রাইব্যুনালের দেড় বছরের কার্যক্রমে এই প্রথম কোনো আসামি জামিন পেয়েছেন। ‘আদালতের জামিন দেওয়ার ক্ষমতা রয়েছে— এটি দেশের অন্যান্য আইনেও যেমন আছে, আমাদের আইনেও তেমনি আছে- বলেন তিনি।

তিনি আরও জানান, সাধারণত দুটি কারণে জামিন দেওয়া হয়—একটি হলো অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ না থাকা, অথবা অভিযোগ সুনির্দিষ্ট না হওয়া। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র মানবিক বিবেচনায় জামিন দেওয়া হয়েছে। এর আগে আসামি দুবার জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়। তৃতীয়বার আবেদনের পর ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষ ও হাসপাতালকে স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়। সোমবার কারা কর্তৃপক্ষ সেই প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদন অনুযায়ী, আসামি একাধিক জটিল রোগে আক্রান্ত। এসব তথ্য পর্যালোচনা করে ট্রাইব্যুনাল মানবিক কারণে জামিন দিতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিছু শর্ত আরোপের আবেদন করা হয়। পরে সেসব শর্ত আরোপের মাধ্যমেই আদালত আসামির জামিন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৬   ২১৯ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


কৃষকের মাঠ থেকে ভোক্তার রান্নাঘর: সবজির দাম বাড়ার নেপথ্যে পাঁচ হাতবদল
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ
এনআইসিইউতে নবজাতক দগ্ধ রাজধানীর বেসরকারি হাসপাতালে এনআইসিইউতে দগ্ধ নবজাতক
বিচারকদের সঙ্গে লেনদেনে জড়াবেন না: নবীন আইনজীবীদের আইনমন্ত্রী
শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে গাড়িচালকের পরিবার, দায় নিচ্ছেন না কেউ
উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের পথে ৮ বছরের শিশু
পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

Law News24.com News Archive

আর্কাইভ