![]()
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর এবং দুইবারের তত্ত্বাবধায়ক অর্থমন্ত্রী শামশাদ আখতার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে শামশাদ আখতার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মাধ্যমে তিনি একই সঙ্গে দেশের মুদ্রানীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং পুঁজিবাজারের মতো তিনটি গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেওয়া বিরল ব্যক্তিত্বে পরিণত হন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারে দুদফা অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। আন্তর্জাতিক পরিসরে অভিজ্ঞ অর্থনীতিবিদ হিসেবে শামশাদ আখতার ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকেও (এডিবি) তিনি কাজ করেছেন।
হায়দরাবাদে জন্মগ্রহণ করা শামশাদ আখতার করাচি ও ইসলামাবাদে পড়াশোনা করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় এবং পেইসলি কলেজ অব টেকনোলজি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দেশি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবদান পাকিস্তানের অর্থনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ২৩:৩০:০২ ৪৯ বার পঠিত