গাজায় জোর করে মানুষকে অভুক্ত রাখছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় জোর করে মানুষকে অভুক্ত রাখছে ইসরাইল
রবিবার, ৪ মে ২০২৫



গাজায় জোর করে মানুষকে অভুক্ত রাখছে ইসরাইল

গাজা সীমান্তে ট্রাকের পর ট্রাক ভর্তি খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জাম। কিন্তু ইসরাইলের অবরোধের কারণে তা গাজায় প্রবেশ করতে পারছে না। এর মধ্য দিয়ে গাজাকে জোরপূর্বক অভুক্ত রাখছে ইসরাইল। গাজা সরকারের মিডিয়া অফিস বলেছে, এই অবরোধের কারণে অনাহারে থাকা কমপক্ষে ৫৭ জন ফিলিস্তিনি মারা গেছেন। তার ওপর আছে ইসরাইলের অব্যাহত হামলা। শনিবার ভোর থেকে সেখানে কমপক্ষে ৪৫ জনকে হত্যা করেছে তারা। রোববার সকালে গাজার দক্ষিণে খান ইউনিসে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। তাতে নিহত হয়েছেন ৬ জন। গত দু’ দিনে নিহতদের মধ্যে আছে তিনটি শিশু।

গাজায় মানবিক সহায়তা পৌঁছতে না দেয়ায় জাতিসংঘ কর্মকর্তা ও অধিকার বিষয়ক কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। নিন্দা জানাচ্ছে আন্তর্জাতিক মহল থেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৫২,৪৯৫।

ওদিকে গাজা যুদ্ধকে সভ্যতার সুরক্ষা বলে অভিহিত করেছে ইসরাইল। তাদের এমন বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে কাতার। তারা বলেছে, গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে অপরাধ ঘটানো হচ্ছে। একই সঙ্গে কাতার উভয় দিকের (ইসরাইল ও হামাস) হয়ে খেলছে বলে যে বিবৃতি দিচ্ছে তাও প্রত্যাখ্যান করেছে কাতার। ইসরাইলের এমন মন্তব্যকে জ্বালাময়ী হিসেবে উল্লেখ করেছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ বিষয়ে এক্সে একটি পোস্ট দিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তাতে তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিস থেকে যে জ্বালাময়ী বিবৃতি দেয়া হয়েছে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে কাতার। তাদের ওই বিবৃতিতে মৌলিক রাজনীতির ভিত্তি এবং নৈতিক দায়িত্বের কিছুই নেই। গাজা যুদ্ধকে সভ্যতা রক্ষা হিসেবে আখ্যায়িত করাকে সমালোচনা করে আল আনসারি বলেন, তারা বেসামরিক মানুষদের বিরুদ্ধে অপরাধকে বৈধতা দেয়ার জন্য মিথ্যা কথা বলছে। তিনি পোস্টে প্রশ্ন রাখেন- যে ১৩৮ জন জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে সেটা কি সামরিক অভিযানে নাকি মধ্যস্থতাকারীর প্রচেষ্টায়? তবুও এ প্রক্রিয়াকে নিয়ে অন্যায়ভাবে সমালোচনা করা হয়েছে। তিনি গাজার ভয়াবহ চিত্র তুলে ধরেন। একে তিনি অবরোধ করে শ্বাসরোধ করা, পর্যায়ক্রমে অনাহারে রাখা, চিকিৎসা ও আশ্রয় প্রত্যাখ্যান করা এবং মানবিক সহায়তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের নিন্দা জানিয়েছেন।

এ পরিস্থিতিতে ১২ই মে ইসরাইল সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটি হেগসেথ। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শিগগিরই শুরু হওয়ার কথা। তার আগেই এই সফর সম্পন্ন করতে চাইছেন তার প্রতিরক্ষা মন্ত্রী। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের পরিকল্পনা আছে ট্রাম্পের। তবে তিনি ইসরাইল সফর করবেন কিনা তা বলেননি লেভিট।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৪৫   ৩০২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ