বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা: নেপথ্যে রাস্তা ও ছবি নিয়ে বিরোধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাঘায় প্রধান শিক্ষকের কক্ষে তালা: নেপথ্যে রাস্তা ও ছবি নিয়ে বিরোধ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



রাজশাহীর বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক আমিনা খাতুন তাঁর কক্ষ তালাবদ্ধ অবস্থায় পান। খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রায় দুই ঘণ্টা পর তালা খোলার ব্যবস্থা করেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক। তিনি একই সঙ্গে পার্শ্ববর্তী বিষ্ট মন্ডলের হাট কমিটিরও সভাপতি। তিনি চাইছেন বিদ্যালয়ের পকেট গেট ভেঙে বড় করে মাঠের ভেতরে দিয়ে গাড়ি ঢোকানোর একটি রাস্তা করবেন।

প্রধান শিক্ষক আমিনা খাতুন জানান, বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে রাস্তা তৈরির দাবিতে স্থানীয় কতিপয় লোক বেশ কিছুদিন ধরে তাঁকে চাপ দিয়ে আসছিলেন। তিনি প্রশাসনের লিখিত অনুমতি ছাড়া এই রাস্তা তৈরিতে অস্বীকৃতি জানালে পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। প্রধান শিক্ষকের অভিযোগ, তাঁকে হেনস্তা করার জন্য তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের আমলে আঁকা শেখ মুজিবুর রহমানের ছবি, যা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, তা পানি দিয়ে ধুয়ে দৃশ্যমান করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বলেন, রাস্তার সঙ্গে তালা দেওয়ার ঘটনার কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, শেখ মুজিবের ছবি দেখার পর স্থানীয় লোকজনের কেউ আকস্মিকভাবে এই তালা দিয়েছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার জানান, তিনি উভয় পক্ষের অভিযোগ শুনেছেন এবং রাস্তার বিষয়ে জনস্বার্থে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। ছবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৩৫:৫১   ৩২ বার পঠিত   #  #  #  #  #  #