বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে কয়েক দশকের আধিপত্য বজায় রেখেছে আন্ডারওয়ার্ল্ডের হাতেগোনা কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। এদের কেউ বছরের পর বছর কারাগারে, কেউ দেশের বাইরে পলাতক থাকলেও তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থামেনি। চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার, টেন্ডারবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণে তারা নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। গোয়েন্দা সূত্র বলছে, রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে অন্তত ১৫ শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। এসব আলোচিত সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ডরা নিজ নিজ এলাকায় ত্রাসের রাজত্ব বহাল রেখেছে।

অনুসন্ধানে জানা গেছে, বৃহত্তর মিরপুর এলাকা ভাগ করে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, ফ্ল্যাট ও প্লট দখল, মাদকের কারবার নিয়ন্ত্রণ করছে আলোচিত ফোর স্টার গ্রুপের মামুন, শাহাদাত হোসেন, কিলার ইব্রাহিম ও মোক্তার হোসেনের ক্যাডার।

এদের মধ্যে মালয়েশিয়াতে পলাতক মফিজুর রহমান মামুন পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকা নিয়ন্ত্রণ করছেন। আবু দাবিতে পলাতক শাহাদাৎ হোসেনের নিয়ন্ত্রণে মিরপুর ১, ২, ৬ ও ৭ নম্বর সেকশন, রূপনগর এবং শাহআলী এলাকা। দুবাইতে অবস্থানরত ইব্রাহিম ওরফে কিলার ইব্রাহিমের নিয়ন্ত্রণে মিরপুর ১৩ ও ১৪ নম্বর সেকশন, ভাসানটেক ও কালশী। ভারতে পলাতক মোক্তার হোসেনের নিয়ন্ত্রণে মিরপুর ১০ ও ১১ নম্বর সেকশন। ব্রাজিলে পলাতক সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড। পলাতক হাবিবুর রহমান তাজের নিয়ন্ত্রণে মিরপুর ২, ৬ ও ১০ নম্বর সেকশন এবং বর্ধিত পল্লবী। দেশে ঘাপটি মেরে থাকা পিচ্চি হেলালের প্রভাব রয়েছে মোহাম্মদপুর, বসিলা, রায়েরবাজার, নিউমার্কেট, আদাবর, কল্যাণপুর ও পাইকপাড়ায়। দুবাইয়ে পলাতক জিসান আহমেদ মন্টি রামপুরা, বনশ্রী, মালিবাগ, খিলগাঁও ও বাড্ডার কিছু এলাকা নিয়ন্ত্রণ করছেন। ভারতে অবস্থান করা ফ্রিডম মানিকের নিয়ন্ত্রণে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও সবুজবাগ। দেশে থাকা খোরশেদ আলম রাসুর ইশারায় চলছে মৌচাক, মালিবাগ, মগবাজার ও সিদ্ধেশ্বরীর অপরাধ জগৎ। টিটন হত্যা মামলায় রিমান্ডে থাকা শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের নিয়ন্ত্রণে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজতুরী বাজার, ফার্মগেট, রাজাবাজার ও শেরেবাংলানগর। বর্তমানে কারাগারে থাকা সুব্রত বাইনের আধিপত্য রমনা ও হাতিরঝিলে। আমেরিকায় পলাতক কলিং মেহেদীর নিয়ন্ত্রণে বাড্ডা, গুলশান ও মহাখালী। মেহেদী গ্রুপের প্রতিপক্ষ মালয়েশিয়ায় পলাতক মাহবুব হাসানের কবজায় ভাটারা, শাহজাদপুর, গুলশান, উত্তর বাড্ডা ও মধ্যবাড্ডা এলাকা। এ ছাড়াও কারাগারে থাকা মো. ইয়াছিন উদ্দিন লিটন ওরফে শুটার লিটনের নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর এলাকা। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ওসমান গণি জানান, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চলছে এবং সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:১৪:০৪   ৩৭ বার পঠিত   #  #  #  #  #  #