সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। অনুসন্ধানের শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচার করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। গত ২৮ সেপ্টেম্বর সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিটটি দায়ের করেন আসিফ মাহমুদ। রিটে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিট আবেদনে অনুসন্ধানাধীন কোনো বিষয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে প্রচারিত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে সমান গুরুত্ব দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৬ ৬ বার পঠিত #আইনি নোটিশ #আসিফ মাহমুদ #দুদক #রিট #হাইকোর্ট