জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় ছাত্রদলের এক নেতাকে আসামি করা হয়েছে। ওই মামলার বাদী জেলা শ্রমিকদলের আরেক নেতা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ছাত্রদলের ওই নেতার দাবি, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁকে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে।
অন্যদিকে মামলার বাদীর দাবি, ওই যুবক আগে ছাত্রলীগের (নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
গত সোমবার রাতে জামালপুর সদর থানায় মামলাটি করেন জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০–৩৫ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২৮ নম্বর আসামি মো. নাঈম জামালপুর পৌর শহরের লাঙলজোড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি জামালপুর পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার ভোরে শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহাল করার দাবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের বকুলতলা মোড়ে জড়ো হন। এ সময় তাঁদের হাতে মশাল, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড, পেট্রলবোমাসহ দেশীয় অস্ত্র ছিল। পরে মিছিলটি তমালতলা মোড়ে পৌঁছালে বাদী ও সাক্ষীরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা দেশি অস্ত্র ফেলে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের (নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ওরফে বিকাশকে প্রধান আসামি করা হয়েছে। তবে একই মামলায় ছাত্রদল নেতা মো. নাঈমের নাম থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
মামলার ২৮ নম্বর আসামি মো. নাঈম বলেন, ‘আমি প্রায় আট বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পরও একটি মামলায় আমাকে আসামি করা হয়েছিল। এখন আবার এই মামলায় আসামি করা হলো। বারবার এভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সদস্য। কারও সঙ্গে আমার শত্রুতা নেই। মামলার বাদীর সঙ্গেও আগে কোনো পরিচয় বা বিরোধ ছিল না।’
জামালপুর শহর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার সভাপতি নাঈম হোসেন বলেন, ‘চার বছর ধরে আমাদের এই কমিটি রয়েছে। নাঈম দুঃসময় থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা।’
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে একজন ত্যাগী ছাত্রদল নেতাকে মামলায় আসামি করা হয়েছে। নাঈম ও তাঁর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মামলার বাদী নিজেকে জাহির করতে নাঈমকে মামলায় আসামি করেছেন বলে ধারণা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তবে মামলার বাদী আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক দোসর দলে ভিড়েছেন। ওই ছেলে আগে ছাত্রলীগ (নিষিদ্ধ) করতেন। এ কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে।’ নাঈম ছাত্রদলের কমিটিতে কীভাবে স্থান পেলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার (প্রতিবেদক) সঙ্গে সাক্ষাতে এসব বিষয় নিয়ে কথা বলব।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৫২ ১২ বার পঠিত #আওয়ামী #কার্যক্রম #ঘটনায় #ঝটিকা #নিষিদ্ধ #মামলায় #মিছিলের #লীগের