শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

প্রথম পাতা » প্রধান সংবাদ » পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



পূর্বাচল ও আশপাশের এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)। সংগঠনটি ওয়েল কেয়ার হাউজিং, লন্ডন হাউজিং, এসেন্ট টাউন ও আনন্দ হাউজিংসহ সব অবৈধ আবাসন প্রকল্প বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেছে।

শনিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমকে পাঠানো বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল ও আশপাশের এলাকায় সরকারের যথাযথ অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

সংগঠনটির অভিযোগ, অনুমোদনহীনভাবে জমি ক্রয়-বিক্রয়, প্লট বরাদ্দ, অপরিকল্পিত ভূমি উন্নয়ন এবং আবাসন প্রকল্প পরিচালনার কারণে সাধারণ ক্রেতারা আর্থিক ও আইনি ঝুঁকির মুখে পড়ছেন। একই সঙ্গে সরকারের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অবৈধ আবাসন প্রকল্পের কারণে বৈধ ও নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং আবাসন খাতে আস্থার সংকট তৈরি হচ্ছে।

এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও প্রশাসনের প্রতি পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএলডিএ।

দাবিগুলোর মধ্যে রয়েছে—অনুমোদনহীন আবাসন প্রকল্প চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ প্লট বিক্রয় ও বরাদ্দ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, সাধারণ ক্রেতাদের স্বার্থ ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা, অনুমোদিত আবাসন প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি এবং পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদার করা।

বিএলডিএ মনে করে, আইন মেনে পরিচালিত আবাসন খাতের বিকাশ এবং অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ—উভয়ই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি পরিকল্পিত, নিরাপদ ও আইনসম্মত আবাসন খাত গড়ে তুলতে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৪   ১০ বার পঠিত   #  #  #  #  #  #  #