চীনের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেশটির মানুষের কম ভোগব্যয়। উৎপাদন ও আয় বৃদ্ধির তুলনায় মানুষ পণ্য ও সেবা কেনার পেছনে কম অর্থ ব্যয় করছে, যার ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ছে না। এর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত এক বিশ্লেষণ অনুযায়ী, চীনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ব্যক্তিগত ভোগ ব্যয়ের অংশ প্রায় ৫৬ শতাংশ, যা বিশ্বের বড় অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম কম। এমনকি জাপানের অর্থনীতির স্থবিরতার সময় ১৯৯০-এর দশকেও ভোগব্যয়ের অনুপাত চীনের বর্তমান অবস্থার চেয়ে বেশি ছিল। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি একসময় ১০ শতাংশের বেশি থাকলেও বর্তমানে তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে এবং একই সঙ্গে বাড়ছে ঋণের পরিমাণ। অভ্যন্তরীণ বাজারে পণ্য বিক্রি করতে না পারায় চীনা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত পণ্য বিদেশের বাজারে বিক্রির চেষ্টা করছে। এই অতিরিক্ত উৎপাদনের কারণে চীন কম দামে পণ্য রপ্তানি করছে, যা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানকে প্রতিযোগিতার চাপে ফেলেছে। অনেক ক্ষেত্রে এই প্রবণতাকে ডাম্পিং হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষণে মত দেওয়া হয়েছে যে, চীনের অর্থনীতির সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো জরুরি। মানুষের ব্যয় করার সক্ষমতা ও আগ্রহ না বাড়লে উৎপাদন-নির্ভর প্রবৃদ্ধির মডেলটি দীর্ঘমেয়াদী চাপের মুখে থাকবে।
বাংলাদেশ সময়: ১৪:১৫:১৯ ১৫ বার পঠিত #অর্থনীতি #আন্তর্জাতিক বাণিজ্য #চীন #জিডিপি #ডাম্পিং #ভোগব্যয়