ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করায় সাথী আক্তার (৩০) নামের এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভালুকা উপজেলার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পারলার’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
রোববার বেলা দুইটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিওতে সাথী আক্তার তার ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করেন। ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম খলিল জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন। পরে রোববার রাত সাড়ে আটটার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, তিনি ভিডিওটি পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পাননি। তবে ভিডিও প্রচারের পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওই নারীর মারমুখী আচরণের কারণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালতে শুনানির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আসামিপক্ষের কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৫৯ ১১ বার পঠিত #আদালত #গ্রেপ্তার #ফেসবুক লাইভ #বিএনপি #ভালুকা #ময়মনসিংহ