জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকার হাজারীবাগের সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নেত্রকোনার খালিয়াজুরির আবু সালেহ মো. মুসা।
দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের করা আবেদনে বলা হয়, অভিযুক্তরা সরকারি কর্মচারী হওয়ার অভিপ্রায়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। পরে ওই সনদ ব্যবহার করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হন। চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাদি উত্তোলনের মাধ্যমে তারা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫:১২:৫৯ ৯ বার পঠিত #আদালত #জাল সনদ #দুদক #দেশত্যাগে নিষেধাজ্ঞা #পররাষ্ট্র ক্যাডার #প্রশাসন ক্যাডার #বিসিএস