পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে ও যানবাহন সংকট দূর করতে সরকার ৫ হাজার ৮৩০টি নতুন যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে। এর জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের দুটি প্রকল্পের আওতায় এই যানবাহন কেনা হবে। এর মধ্যে সাধারণ যানবাহন কেনার জন্য ৪ হাজার ৩২৮ কোটি টাকা এবং বিশেষায়িত যানবাহনের জন্য ২ হাজার ২৮১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে পুলিশের বিপুলসংখ্যক যানবাহন পুড়ে নষ্ট ও ক্ষতিগ্রস্ত হয়। পুরোনো অনেক গাড়িও অভিযানের সময় বিকল হয়ে পড়ে। এ ছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামো ও সাজসরঞ্জাম তালিকায় (টিওঅ্যান্ডই) প্রয়োজনীয় যানবাহনের ঘাটতি রয়েছে। এসব কারণে নতুন যানবাহন কেনা জরুরি।
প্রস্তাবিত যানবাহনের তালিকায় রয়েছে ডাবল কেবিন পিকআপ, জিপ, মাইক্রোবাস, বাস, মিনিবাস, প্রিজন ভ্যান, অ্যাম্বুলেন্স, স্পিডবোট, আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি), ওয়াটার ক্যানন, সোয়াট ভ্যান, মোটরসাইকেল এবং মোবাইল সার্ভিল্যান্স গাড়ি। ২৫ অক্টোবর অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। অনুমোদন পেলে ২০২৯ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বিপুল অর্থের জোগান, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৮ ২৪ বার পঠিত #একনেক #পুলিশ #প্রকল্প #যানবাহন #সরকার #স্বরাষ্ট্র মন্ত্রণালয়