যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। কোনো মামলায় গ্রেপ্তার হলে ভিসা বাতিল, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো কিংবা ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে বলে দূতাবাস জানিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়। পোস্টে দূতাবাস জানায়,
আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে চলতি মাসের ১০ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানিয়েছিল, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি ও অনুপ্রবেশের মতো অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন। দূতাবাসের এসব সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের দেশটির আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও আইন মেনে চলার প্রত্যাশা করে।
বাংলাদেশ সময়: ১৪:৩২:৪৫ ২৫ বার পঠিত #বাংলাদেশ #ভিসা #মার্কিন দূতাবাস #যুক্তরাষ্ট্র #সতর্কবার্তা