সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বাসের ছবিতে উসকানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত ও রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানি দেয়ায় জড়িত অন্যান্য অজ্ঞাত আসামিদের তথ্য উদ্ঘাটনে সিদ্দিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
মামলার বিবরণে জানা যায়, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের নজরদারির সময় ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামক ফেসবুক গ্রুপে ‘Maisa Anjum’ নামীয় আইডি থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি পোস্ট করা হয়। উক্ত পোস্টের মন্তব্যে ‘MD Abu Bokor Siddique’ নামের আইডি থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’। এই মন্তব্যের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেল ৫টায় রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবা মোঃ আয়নাল হককে আটক করে। অভিযানে সিদ্দিকের স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক মন্তব্য করার কথা স্বীকার করলেও, তার বাবা ঘটনার বিষয়ে কিছু না জানায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৪ ১৭ বার পঠিত #আদালত #গ্রেপ্তার #ডিবি পুলিশ #ফেসবুক #রাজশাহী #সন্ত্রাস বিরোধী আইন