সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় সে দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে ইতালি। পরিস্থিতি বিবেচনায় দেশটি নাগরিকদের অনতিবিলম্বে সৌদি আরব ত্যাগের প্রস্তুতি নিতে এবং নতুন করে সব ধরনের সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক হালনাগাদ সফর সতর্কবার্তায় (ট্রাভেল অ্যাডভাইজরি) এই নির্দেশ দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা স্থগিত রাখার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো ব্যবহার না করার জন্য নাগরিকদের বলা হচ্ছে। জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত বা সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে আকাশপথের বিকল্প হিসেবে সড়ক বা অন্য কোনো নিরাপদ পরিবহন ব্যবস্থা অনুসরণের সুপারিশ করেছে রোম। একই সঙ্গে সৌদি আরবের পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের কথা বলা হয়েছে। ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে অবস্থানরত ইতালীয়দের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা অনুসরণের তাগিদ দিয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে বা হামলার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হতে বলা হয়েছে। বিশেষ করে সামরিক ও নিরাপত্তা স্থাপনা, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, গণপরিবহন কেন্দ্র এবং সম্প্রতি সংঘাত বা সামরিক কার্যক্রমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিন রাজ্য-জাজান, নাজরান ও আসিরে যাতায়াতের ওপর কঠোর নিষেধাজ্ঞা বা ভ্রমণ না করার বিষয়ে পুনর্ব্যক্ত করেছে ইতালীয় কর্তৃপক্ষ। ইয়েমেন সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বিরাজমান অস্থিরতার কারণেই এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৪ ১৬ বার পঠিত #আন্তর্জাতিক সংবাদ #ইতালি #নিরাপত্তা #সফর সতর্কতা #সৌদি আরব