ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন। আন নূর ফাউন্ডেশনের আমন্ত্রণে ১৪ দিনের এই সফরে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটিতে ধর্মীয় আলোচনা করছেন। ১৩ অক্টোবর সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন এবং ১৪ অক্টোবর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দলীয় নেতাদের মতে, এটি একটি দাওয়াতি সফর, যার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে দলের পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
দলটির নেতারা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে ইসলামী আন্দোলনের পরিচিতি বাড়তে পারে। তাঁদের ভাষ্য, বাংলাদেশের বাইরে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী পরিচিতি পেলেও ইসলামী আন্দোলন তেমন পরিচিতি পায়নি।
সফরের কর্মসূচি অনুযায়ী, তিনি নিউইয়র্কের আমেরিকান মুসলিম সেন্টার, পোর্ট ওয়াশিংটন মসজিদ, নিউ জার্সির জালালাবাদ জামে মসজিদ, বায়তুল আমান ইসলামিক সেন্টারসহ বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছেন। এদিকে, দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের গত ২২ জুলাইয়ের একটি বক্তব্যের সঙ্গে এই সফরের যোগসূত্র টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সমালোচনা তৈরি হয়েছে। ফয়জুল করীম সে সময় বলেছিলেন, ‘চলতেছিলাম কাফেলা মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে।’ তবে ইসলামী আন্দোলনের নেতারা এই সমালোচনাকে নাকচ করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে যাওয়া বা ধর্মীয় কার্যক্রম পরিচালনার অর্থ দেশটির রাষ্ট্রীয় নীতি বা রাজনৈতিক আদর্শ গ্রহণ করা নয়।
আমরা চলতেছিলাম মদিনার দিকে। কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। চলতেছিলাম কাফেলা মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। মদিনাওয়ালারা আমেরিকা যেতে পারে না।
বাংলাদেশ সময়: ১২:২১:৫৬ ১৩ বার পঠিত #ইসলামী আন্দোলন বাংলাদেশ #চরমোনাই পীর #মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম #যুক্তরাষ্ট্র সফর #রাজনীতি