সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করতে হয়েছে। এতে ২০ হাজার ৬৭২ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। বিমানবন্দরগুলো সচল হওয়ার পরিস্থিতি বিবেচনায় অনেক বিমান পরিবহন সংস্থা এখনো ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। তবে বৃহস্পতিবার সকালে ৩৭৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দাম্মাম বিমানবন্দরে পৌঁছেছে। গত রাতে দাম্মাম বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনায় ফ্লাইট চালু রাখা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বৈঠক করছে।
বাংলাদেশ সময়: ২১:১১:৫৬ ২০ বার পঠিত #ফ্লাইট বাতিল #বিমান বাংলাদেশ এয়ারলাইনস #বেবিচক #সৌদি আরব #হুতি হামলা