বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অতীতেও সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো ঘটনায় বিচার না হওয়ার দৃষ্টান্ত রয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই দিনে সাংবাদিক লুৎফুজ্জামানের গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার সুনই এলাকায়ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে আলিফের বড় ভাই শহিদুল ইসলাম ফকির বলেন, তাঁর ভাই সীমান্তের বিভিন্ন অপরাধ নিয়ে লেখালেখি করতেন, যার জের ধরে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করেছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমি তো আর আমার ভাইকে কোনো দিন ফিরে পাব না। তাকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারসংলগ্ন তেলনজিয়া এলাকায় গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। হত্যাকাণ্ডের পরদিন আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৬   ২৪ বার পঠিত   #  #  #  #  #  #