বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

প্রথম পাতা » জাতীয় » আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল এবং বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না। তিনি অভিযোগ করেন, দলটির নেতারা রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দেশের সম্পদ লুটপাট করেছেন এবং বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। ফ্যাসিস্ট সরকারের এক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।

হাফিজ উদ্দিন আহমদ বিগত শাসনামলে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন অন্যায়-অপরাধের কথা তুলে ধরে বলেন, ২০০১ সালে তার প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ পরাজিত হওয়ার পর শেখ হাসিনা ঢাকা থেকে এক সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান। সেই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ি করেছিলেন, তবে ৫ আগস্টের পর সপরিবারে পালিয়ে যান।

তিনি তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর এবং মেঘনার পাড়ে পার্ক নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ৭:২৮:০৮   ১২ বার পঠিত   #  #  #  #  #  #