
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা অপর আরোহী নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স । প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ফ্রান্সের মোর্ত-এ-মোজেল অঞ্চলে ন্যান্সি শহরের কাছাকাছি একটি বনাঞ্চলে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তাদের একজন তরুণ পাইলট এবং অন্যজন অভিজ্ঞ অস্ত্রব্যবস্থা কর্মকর্তা। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অপর আরোহীর সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ কর্মকর্তাকে খুঁজে বের করতে রাত থেকেই তল্লাশি অভিযান চলছে। এ কাজে ড্রোন ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ন্যান্সি-ওশেতে অবস্থিত বিমানঘাঁটি ১৩৩-এর কমান্ডার ল্যুদোভিক ওম্ব্যার জানান, যুদ্ধবিমানটি রাতের একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফেরার প্রস্তুতির সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মিরাজ ২০০০ডি ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন নির্মিত মিরাজ ২০০০ সিরিজের দুই আসনবিশিষ্ট যুদ্ধবিমান। এটি মূলত আকাশ থেকে স্থলে নির্ভুল হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে। ডেল্টা আকৃতির ডানা ও কম্পিউটারনিয়ন্ত্রিত ফ্লাই-বাই-ওয়্যার প্রযুক্তি এ বিমানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বিমানটি লেজার-নির্দেশিত বোমা ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ফরাসি বিমানবাহিনীর সামরিক অভিযানে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে মিরাজ ২০০০ডি। সূত্র: রয়টার্স
বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৩ ১৪ বার পঠিত #নিহত #পাইলট #ফ্রান্স #বিধ্বস্ত #মিরাজ #যুদ্ধবিমান