জমির মালিকানা নিয়ে বিরোধের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা পেতে হলে দাবির পক্ষে গ্রহণযোগ্য প্রাথমিক প্রমাণ দেখাতে হবে। শুধু জমির দখলে থাকা, দলিল থাকার দাবি করা কিংবা নামজারির কথা বললেই অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি জমির মালিকানা নিয়ে বিরোধের ঘটনায় করা সিভিল রিভিশন নম্বর ৩৭৭৪/২০১৩ খারিজ করে হাইকোর্টের বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের একক বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। গত ১০ সেপ্টেম্বর এ মামলার রায় দেওয়া হয়, যা ১৮ অক্টোবর প্রকাশিত হয়েছে। মামলার বাদীপক্ষের দাবি, ১৯৪৪ সালের একটি দলিলের মাধ্যমে তাঁরা জমিটি কেনেন এবং পরে ভোগদখল করেন। এছাড়া ১৯৭৭ সালের একটি স্বত্ব মামলার রায় ও ডিক্রির ভিত্তিতেও তাঁরা মালিকানা দাবি করেন। অন্যদিকে, সরকারি পক্ষের দাবি, জমিটি অর্পিত সম্পত্তির অন্তর্ভুক্ত। নথিপত্র পর্যালোচনায় হাইকোর্ট দেখতে পান, বাদীপক্ষের মালিকানা দাবির অন্যতম ভিত্তি ছিল ১৯৪৪ সালের একটি অনিবন্ধিত দলিল। এছাড়া ১৯৭৭ সালের স্বত্ব মামলার রায় ও ডিক্রির সত্যতা নিয়েও প্রশ্ন ছিল। সংশ্লিষ্ট মামলার রেজিস্টারের সঙ্গে আদালতে দাখিল করা রায়ের অনুলিপির মিল পাওয়া যায়নি। আদালত পর্যবেক্ষণে বলেন, অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার আগে বাদীর দাবির পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ রয়েছে কি না, তা যাচাই করা জরুরি। একই সঙ্গে মূল মামলাটি আইন অনুযায়ী দায়ের করা সম্ভব কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। হাইকোর্ট বাদীপক্ষের মালিকানা দাবির পক্ষে যথেষ্ট প্রাথমিক প্রমাণ না পাওয়ায় সিভিল রিভিশনের রুল খারিজ করে আগের অন্তর্বর্তী আদেশ প্রত্যাহার করেছেন। একই সঙ্গে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:১৩ ১৪ বার পঠিত #অস্থায়ী নিষেধাজ্ঞা #আইন #আদালত #জমির মালিকানা #হাইকোর্ট