
এবার দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (২১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে প্রতিমা বিসর্জনের আগে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের ধর্মীয় নেতাদের সঙ্গে একাধিকবার মতবিনিময় করেছে সরকার। এসব আলোচনায় সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। তিনি বলেন, পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ বছর পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ বরাদ্দও দেওয়া হয়েছে বলে জানান তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল বার্তা—‘সবার আগে বাংলাদেশ’। তিনি যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দূর করতে কাজ চলছে। এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে চান তাঁরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জীসহ অন্য নেতারা। news24bd.tv /DHL
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৫ ১৫ বার পঠিত #করতে #করেছেন #পূজা #পেরে #প্রকাশ #শান্তিপূর্ণভাবে #সনাতন #সন্তোষ