বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আজ রাতে আকাশে দেখা মিলবে ওরিওনিড উল্কাবৃষ্টির

প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ রাতে আকাশে দেখা মিলবে ওরিওনিড উল্কাবৃষ্টির
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



রাতের আকাশে মহাজাগতিক আলোর ঝলকানি দেখার সুযোগ তৈরি হয়েছে। হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পৃথিবীর অতিক্রমের ফলে সৃষ্টি হওয়া ওরিওনিড উল্কাবৃষ্টির চূড়ান্ত সময় চলছে। আজ বুধবার (২১ অক্টোবর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর পর্যন্ত বাংলাদেশের আকাশ থেকে এই উল্কাবৃষ্টি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকমের তথ্য অনুযায়ী, অনুকূল পরিবেশে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। তবে চাঁদের উজ্জ্বল আলোর কারণে অপেক্ষাকৃত অনুজ্জ্বল উল্কাগুলো দেখতে কিছুটা অসুবিধা হতে পারে। ওরিওনিড উল্কাবৃষ্টির উৎপত্তি হ্যালির ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও ক্ষুদ্র পাথুরে কণা থেকে। পৃথিবী প্রতিবছর অক্টোবর মাসে এই ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অতিক্রম করে। তখন কণাগুলো প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুর সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে। ফলে রাতের আকাশে তারার মতো আলোর রেখা দেখা যায়, যা সাধারণভাবে ‘খসে পড়া তারা’ নামে পরিচিত। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের দিক থেকে উল্কাগুলো ছুটে আসছে বলে এই উল্কাবৃষ্টির নাম রাখা হয়েছে ওরিওনিড। হ্যালির ধূমকেতু প্রায় ৭৬ বছর পরপর সূর্যকে প্রদক্ষিণ করে এবং ২০৬১ সালে ধূমকেতুটিকে আবার পৃথিবী থেকে দেখা যাওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, ভোরের আগের কয়েক ঘণ্টা আকাশ তুলনামূলক অন্ধকার থাকলে উল্কাগুলো স্পষ্ট দেখা যেতে পারে। তাই আকাশ পরিষ্কার থাকা এবং কৃত্রিম আলোর প্রভাব কম থাকা উল্কাবৃষ্টি উপভোগের জন্য গুরুত্বপূর্ণ। ওরিওনিড উল্কাবৃষ্টি দেখতে টেলিস্কোপ বা দূরবিনের প্রয়োজন নেই। খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা সম্ভব। এ জন্য শহরের উজ্জ্বল আলো থেকে দূরে খোলা জায়গা বেছে নেওয়া, আকাশ পরিষ্কার আছে কি না তা নিশ্চিত করা, চোখকে অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে ২০ থেকে ৩০ মিনিট সময় দেওয়া এবং আকাশের একটি নির্দিষ্ট বিন্দুর দিকে না তাকিয়ে যতটা সম্ভব বিস্তৃত আকাশ পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৭   ১৫ বার পঠিত   #  #  #  #  #