রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি কম্পিউটারের বোতাম টিপে এই অর্থ সরাসরি চাষীদের মোবাইল অ্যাকাউন্টে প্রেরণ করেন।
এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেবো। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, আখচাষীদের সহায়তার জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অনুষ্ঠানে ১৫ জন আখচাষীকে প্রতীকী চেক প্রদান করা হয়। চেক গ্রহণকারী চাষীরা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জনসভা শেষে প্রধানমন্ত্রীর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫১ ২৬ বার পঠিত #আখচাষী #কৃষি #প্রণোদনা #প্রধানমন্ত্রী #বিএনপি #রাজশাহী