মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য জানান ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃসমন্বয় শিক্ষাবোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। তবে, সম্ভাবনা বেশি ২৯ অক্টোবরে। সেভাবেই প্রস্তুতি চলছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সারা দেশে তাদের জন্য ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬:১৮:০৯   ২৩ বার পঠিত   #  #  #  #  #  #