দুর্গাপূজার ছুটিতে পাহাড়, নদী ও ঝরনার সৌন্দর্য উপভোগ করতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। আলুটিলা, মায়াবিনী লেক ও জেলা পরিষদ পার্কসহ জেলার সব পর্যটনকেন্দ্র এখন পর্যটকদের উপস্থিতিতে মুখর। অনেক পর্যটক খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেকেও ভ্রমণ করছেন। পর্যটকদের এই বাড়তি চাপের কারণে হোটেল ও রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় পার করছে।
আমাদের লাইনের বেশির ভাগ গাড়ি আগামী শনিবার পর্যন্ত বুকিং হয়ে গেছে। প্রতিদিনই পর্যটকেরা আসছেন। গতকাল সকালেও প্রায় ১০০ গাড়ি সাজেকের উদ্দেশে ছেড়ে গেছে। আজও একই সংখ্যক গাড়ি খাগড়াছড়ি ছেড়ে যাওয়ার কথা হয়েছে।
খাগড়াছড়ি জিপ মালিক সমিতির লাইনম্যান সৈকত চাকমা জানান, পর্যটকদের আনাগোনা বাড়ায় জিপ ও পিকআপসহ পর্যটকবাহী গাড়ির আগাম বুকিং বেড়েছে। জেলা পরিষদ পার্কের টিকিট বিক্রেতা মনতোষ ত্রিপুরা জানান, সোমবার পার্কটিতে প্রায় ৭০০ পর্যটক প্রবেশ করেছেন, যেখানে স্বাভাবিক সময়ে এই সংখ্যা ২০০ থেকে ৩০০ থাকে। পর্যটক বাড়লেও জেলা শহরের হোটেলগুলোতে ভিড় তুলনামূলক কম। হোটেল সংশ্লিষ্টরা জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা অনেক পর্যটক ভোরে খাগড়াছড়িতে পৌঁছে সরাসরি সাজেকের উদ্দেশে রওনা হন এবং ফেরার পথে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো ঘুরে রাতের গাড়িতেই নিজ গন্তব্যে ফিরে যান। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, পূজা উপলক্ষে জেলার পর্যটনকেন্দ্র ও পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে পর্যটকেরা নির্বিঘ্নে ঘোরাঘুরি করতে পারেন।
বাংলাদেশ সময়: ১২:৫৯:১৬ ২৩ বার পঠিত #খাগড়াছড়ি #দুর্গাপূজা #পর্যটক #পর্যটন #সাজেক