ঝিনাইদহের মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুর রহমান (৩৫) নামে এক জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে এবং অভিযুক্ত তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসা আব্দুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে শ্বশুরের মনোমালিন্য চলছিল। মঙ্গলবার ভোররাতে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে জামাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তরিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১০:৩৬ ২৩ বার পঠিত #অপরাধ #খুন #গ্রেফতার #ঝিনাইদহ #মহেশপুর