মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মালিক

প্রথম পাতা » অপরাধ » পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মালিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



কক্সবাজারের চকরিয়ায় একটি পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফিরোজা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন বিড়ালটির মালিক শামশুল আলম। সোমবার দুপুরে মৃত বিড়ালটি খাঁচায় ভরে তিনি থানায় যান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার সকালে শামশুল আলম বাড়ির পেছনের খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে তাঁর পোষা বিড়ালটি পিছু নেয়। এ সময় ফিরোজা বেগমের পোষা কুকুর বিড়ালটিকে কামড় দেওয়ার চেষ্টা করলে শামশুল আলম কুকুরটিকে তাড়া করে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা বেগম লাঠি দিয়ে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

শামশুল আলম বলেন, বিড়ালগুলো আমার সন্তানের চেয়েও বেশি। অনেক আদর-যত্নে লালন করেছি। তুচ্ছ ঘটনায় ফিরোজা আমার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে ফিরোজা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া গেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাণী হত্যা আইনগত অপরাধ। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৩১:১৬   ২১ বার পঠিত   #  #  #  #  #  #