মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি: আইজিপি

প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি: আইজিপি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানান, প্রতিটি জেলা ও উপজেলায় গোয়েন্দা সংস্থাগুলো—ডিজিএফআই, এনএসআই ও পুলিশের বিশেষ শাখা (এসবি)—চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করবে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি তারা যাতে দীর্ঘমেয়াদে জামিন না পায়, তা নিশ্চিত করতে আদালতের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, মাদকাসক্ত তরুণরা অপরাধে জড়িয়ে পড়ছে এবং পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালাচ্ছে। কিশোর গ্যাং প্রতিরোধে পাড়ায় পাড়ায় এবং স্কুল-কলেজে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, পূজায় কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্ট চক্র যাতে অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ৭:২৯:৩৩   ৩৮ বার পঠিত   #  #  #  #  #  #  #  #