দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সোমবার (১৯ অক্টোবর) ঢাকার ধামরাইয়ে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানান। তিনি বলেন, কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। যার যার ধর্ম সে পালন করবে, আর রাষ্ট্রের দায়িত্ব সবার নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকার পূজার ছুটি ও আর্থিক বরাদ্দ বাড়িয়েছে। ধামরাইয়ের প্রতিটি মণ্ডপে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন ও জেলা পরিষদের প্রশাসকের সহযোগিতায় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সভায় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত ছিলেন। ইয়াসিন ফেরদৌস মুরাদ জানান, জেলা পরিষদসহ বিভিন্ন উৎস থেকে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ৭:২৮:১৮ ২১ বার পঠিত #দুর্গাপূজা #ধামরাই #নিরাপত্তা #পূজামণ্ডপ #সিসিটিভি #সুলতান সালাউদ্দিন টুকু