চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ চালুর পর থেকে এই রুটে একের পর এক দুর্ঘটনা ঘটছে। রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে এই রেলপথে ট্রেনে কাটা পড়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ২৭ জন, ২০২৫ সালে ৪৩ জন এবং ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া লেভেল ক্রসিংয়ে অন্য যানবাহনের সঙ্গে চারটি সংঘর্ষে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।
২০২৩ সালের ১ ডিসেম্বর ১১ হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়।
এই রেলপথের দোহাজারী-কক্সবাজার অংশে মোট ৭২টি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে ৫৬টিই অরক্ষিত। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, গেটম্যান ও প্রতিবন্ধকতা না থাকা, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ না করা এবং রেললাইন পারাপারে অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাও যাত্রীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত দেড় বছরে এই রুটে অন্তত ৫০ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম জানান, পাথর নিক্ষেপ কমাতে কক্সবাজার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪১:২৫ ১৫ বার পঠিত #চট্টগ্রাম-কক্সবাজার #দুর্ঘটনা #নিরাপত্তা #মৃত্যু #রেলওয়ে #রেলপথ