
চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল চুরির অভিযোগ তুলে মো. রিয়াজ (২২) নামের এক তরুণকে রড ও বাটাম দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা খিতামোল্লা পাড়া এলাকার নিজ বাড়ির পাশে শাহ মজিদিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত রিয়াজের মা রোজিনা আকতার মোবাইল চুরির অভিযোগ অস্বীকার করে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি এ ঘটনার বিচার চেয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আবদুর ছফুর জানান, বন্ধুদের সাথে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, অভিযুক্তরা সবাই রিয়াজের বন্ধু। আর্থিক লেনদেনের সূত্র ধরে একজনের মোবাইল নিয়েছিলেন রিয়াজ, এরপরই চুরির অভিযোগ তুলে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:৪৬ ১১ বার পঠিত #অপরাধ #চট্টগ্রাম #পুলিশ #সাতকানিয়া #হত্যা