রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে জামায়াত কর্মীকে গুলি ও ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালীতে জামায়াত কর্মীকে গুলি ও ককটেল বিস্ফোরণ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে নিজাম উদ্দিন (৩৭) নামের এক জামায়াত কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত জিনু মার্কেটে এসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা নিজাম উদ্দিনের মুদিদোকানে ঢুকে তাঁকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ নিজাম উদ্দিনের বুক ও পেটে আঘাত লেগেছে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলা শাখার আমির আবদুজ জায়েদ অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিহিংসাবশত নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:৫৮   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #