কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় যুবদল কর্মী আবু কাউছার (৪৫) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ও তাঁর বড় ভাই তানজিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার জেলা পুলিশ ও এসআরবি-১১ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশের ভাষ্য, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন একটি জায়গায় কফির দোকান নির্মাণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। ঘটনার দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তৌহিদ ও তানজিরসহ কয়েকজন দোকান নির্মাণের কাজ শুরু করলে কাউছার ও তাঁর বন্ধু শামীম বাধা দিতে পারেন—এমন আশঙ্কায় তৌহিদ তাঁর সহযোগীদের দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে আসতে বলেন।
কাউছার ও তাঁর সঙ্গীরা ঘটনাস্থলে পৌঁছালে তৌহিদ, তানজির ও তাঁদের সহযোগীরা অতর্কিত হামলা চালান। তৌহিদ ধারালো অস্ত্র দিয়ে কাউছারকে গুরুতর জখম করেন এবং অন্যরাও তাঁকে মারধর করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কাউছারের মৃত্যু হয়। হামলায় অটোরিকশাচালক মাসুমও আহত হন। শুক্রবার মধ্যরাতে কুমিল্লা নগরের নুরপুর এলাকা থেকে তৌহিদকে এবং ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা এলাকা থেকে তানজিরকে গ্রেপ্তার করা হয়। তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। নিহতের ভাই কবির হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় তৌহিদ ও তানজিরের নাম উল্লেখ করে মামলা করেছেন। হত্যাকাণ্ডের পর শুক্রবার বিকেলে ছত্রখিল এলাকায় তৌহিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ৭:০৬:২৮ ১২ বার পঠিত #অপরাধ #কুমিল্লা #গ্রেপ্তার #যুবদল #হত্যা