
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের রাজার গলি এলাকায় ১, ২ ও ৭ নং ওয়ার্ডের তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য উঠে না এলে কোনো দরিদ্র পরিবার সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এ কারণে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাটাবেজে তথ্য সংযুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীদের ট্যাবও দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:২১:২৭ ৭ বার পঠিত #আব্দুল কাইয়ুম চৌধুরী #ফ্যামিলি কার্ড #সামাজিক কর্মসূচি #সিলেট #সিলেট সিটি কর্পোরেশন