যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া স্বীকার করেছেন যে, তিনি আইন পেশায় লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। নিজেকে বিভিন্ন সময় আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ায় তার পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপক শন হ্যানিটি তাকে বার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়ে প্রশ্ন করলে জাকারিয়া তা স্বীকার করেন। তিনি জানান, এরপর তিনি আর দ্বিতীয়বার পরীক্ষায় বসেননি। ৪১ বছর বয়সী জাকারিয়া ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
জাকারিয়া দাবি করেন, স্বামীর সঙ্গে চীনে যাওয়ার পরিকল্পনা থাকায় পরীক্ষার সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেখানে আইনজীবী হিসেবে কাজ করার প্রয়োজন হবে না ভেবে তিনি পরীক্ষার ফলকে গুরুত্ব দেননি। পরবর্তীতে বেইজিংয়ের একটি আইন প্রতিষ্ঠানে তিনি ব্যবসায়িক আইন নিয়ে কাজ করেছেন। তিনি আরও দাবি করেন, আইন পেশার অনেকেই তাকে বলেছেন যে তার আইনের ডিগ্রি ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিতে পারেন। তবে তিনি আইনি পরামর্শ নয়, বরং আইনি বিশ্লেষণ দিতে পারেন বলে উল্লেখ করেন।
এদিকে, রাজনৈতিক জবাবদিহি নিয়ে কাজ করা সংগঠন ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’ ক্যালিফোর্নিয়া বার অ্যাসোসিয়েশনকে তার বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। সংগঠনটির দাবি, ক্যালিফোর্নিয়ায় লাইসেন্স ছাড়া নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া অপরাধ।
গত মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি পারিবারিক দায়িত্ব ও সন্তানদের দেখাশোনার জন্য গত আগস্টে পদত্যাগ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১১:৪৩:৫০ ৯ বার পঠিত #আইনজীবী #কেটি জাকারিয়া #ডোনাল্ড ট্রাম্প #বার কাউন্সিল #যুক্তরাষ্ট্র #হোয়াইট হাউস