শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে

প্রথম পাতা » খেলা » ৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



সাত বছর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি ছুঁয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আবারও সেই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। সঙ্গে থাকছে চিরচেনা দুই প্রতিপক্ষ-জিম্বাবুয়ে ও আফগানিস্তান। কাগজে কলমে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, জয়ের পথ মোটেও মসৃণ হবে না লাল সবুজের প্রতিনিধিদের।

কাগজে-কলমের পরিসংখ্যান কিংবা অতীত ইতিহাস, দুই জায়গাতেই এগিয়ে থেকে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে এবার ত্রিদেশীয় সিরিজে নামছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফর্মের খতিয়ান কিছুটা হলেও ভাবনায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে ১১ জয়ে পাল্লা ভারী টাইগারদের, বিপরীতে আফগানদের জয় ৮টিতে। প্রথমদিকের দ্বি-পাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশের আধিপত্য থাকলেও চিত্রটা বদলে গেছে সাম্প্রতিক সময়ে। দুই দলের মুখোমুখি হওয়া শেষ তিনটি ওয়ানডে সিরিজই নিজেদের করে নিয়েছে আফগানিস্তান, যার মধ্যে সবশেষ সিরিজে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের।

অন্যদিকে, ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে চেনা প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে। ৮৪ বারের দেখায় ৫২টিতেই শেষ হাসি হেসেছে বাংলাদেশ, আর জিম্বাবুয়ে জিতেছে ৩২ ম্যাচে। এক যুগে ১২টি সিরিজ জয়ের পাশাপাশি ৫ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সাফল্যও আছে টাইগারদের ঝুলিতে। কিন্তু আফগানিস্তানের মতো জিম্বাবুয়ের বিপক্ষেও অস্বস্তি বাড়াচ্ছে সাম্প্রতিক পারফর্ম। ২০২২ ও ২০২৬ সালে জিম্বাবুয়ের মাটিতে তাদের কাছে ব্যাক-টু-ব্যাক ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

পরিসংখ্যানের ইতিবাচক দিক পেছনে থাকলেও দলগুলোর সাম্প্রতিক শক্তির ভারসাম্য বলছে, আবুধাবি ও শারজাহর স্পিনবান্ধব উইকেটে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অতীতের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে মাঠের পারফর্মে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৪৭   ৯ বার পঠিত   #  #  #  #  #  #