রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) এবং মো. নুর নবী (৩০)। গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁওয়ের জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০৮:৪১ ১১ বার পঠিত #আদালত #ককটেল বিস্ফোরণ #তেজগাঁও #প্রধানমন্ত্রীর কার্যালয় #বিস্ফোরক আইন #রিমান্ড