জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে বুধবার মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের অনুসারী নেতা-কর্মীদের একাংশ বৈঠক চলাকালে হট্টগোল করেন বলে দলের একাংশের নেতাদের অভিযোগ। পরে তাঁরা কার্যালয় থেকে বেরিয়ে এলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা জামায়াত নেতাদের অভিযোগ, সামদানী ওই ঘটনায় অংশ নেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে মুখে সাদা কাপড় বাঁধা এক ব্যক্তিকে ভারী কিছু দিয়ে গাড়িটি ভাঙচুর করতে দেখা যায়। জামায়াত নেতাদের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি গোলাম মোহাম্মদ সামদানী। তবে সামদানী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি কুমিল্লা টাওয়ার হাসপাতালে তাঁর অসুস্থ বাবার সঙ্গে ছিলেন। এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক জানান, বিষয়টি দলের শৃঙ্খলা কমিটিতে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সামদানীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ৯:৪৮:৩৮ ২ বার পঠিত #এবি পার্টি #কুমিল্লা #গাড়ি ভাঙচুর #গোলাম মোহাম্মদ সামদানী #জামায়াতে ইসলামী #রাজনীতি